ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসে আয়োজিত কর্মসূচিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী পাঠ এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার, আবুল বাশার, নূর হোসেন সুমন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, সাখাওয়াত হোসেন বকুলসহ অন্যান্যরা। সবশেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনের ঘটনাপ্রবাহ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও ভূমিকা স্মরণ করে তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হলো জাতীয় ঐক্য সুদৃঢ় করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা।সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিজয়কে স্মরণ করে স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





















