রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রতিবাদ এবং যুবলীগের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। একই কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা বিমানবন্দর রেলস্টেশনের সামনে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উত্তর-উত্তরা জোনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন।
পানি, খাবার স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে বিমানবন্দর এলাকার প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে যুবলীগের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচির বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
কর্মসূচিতে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আজিজ ব্যাপারী, সহসভাপতি মো. মাসুদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শিকদার, মো. নিজাম ও সড়ক সম্পাদক মো. রাব্বিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন থানা এলাকার নেতাকর্মী ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।























