সাভারের আমিনবাজারে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন আইজিপি।
সাক্ষাৎকালে মো. আলী হোসেন ফকির মরহুম আলতাফ হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ পুলিশ তার এ অবদান সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আইজিপি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আলতাফ হোসেনের আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন তিনি।
আলতাফ হোসেন ১৯৮৬ সালে সিরাজগঞ্জ জেলা থেকে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি ডিএমপি, রাঙামাটি, আরআরএফ রাজশাহী, আরএমপি ও বরিশাল জেলায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি এসবি, ঢাকায় কর্মরত ছিলেন। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই মো. আলতাফ হোসেন নিহত হন তিনি। এ ঘটনায় আলতাফ হোসেনের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।























