নওগাঁয় জেলা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ নেতৃত্বে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা এবং নিয়ামতপুর উপজেলায় ২৪ ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৫৭৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা, পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানের বিবরণ অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল মহাদেবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। অপরদিকে, মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ পিস ট্যাপেন্টাডল, ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ২ জন ব্যবসায়ীকে আটক করে। পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে তা ধ্বংস করে এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া, নিয়ামতপুর থানা পুলিশ ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আরও এক মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সমগ্র জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি মাদকবিরোধী এ অভিযানে পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান।























