চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন—নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ২৪ আগস্ট প্রজ্ঞাপনটি জারি করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
তিনি বলেন, ‘গত ২৪ আগস্ট এ সংক্রান্ত
প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই মধ্যে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।’
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের ঘটনায় নাচোল উপজেলা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।






















