বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষায় রিজার্ভ থেকে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির অতিরিক্ত ব্যয় মেটাতে এবং বাজারে ডলারের দর বৃদ্ধি সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহেও ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের আগে বাজার ধরে রাখতে প্রচুর ডলার বিক্রির ফলে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে ২৫.৯২ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। পরবর্তীতে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের ঘোষণা দিলে তা আবার বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে সাম্প্রতিক বিক্রির প্রভাবে গত মঙ্গলবার তা কমে ৩৬.৪৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত কয়েক দিন ধরে আন্তব্যাংকে ডলারের দর ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি সপ্তাহে প্রতি ডলারের দাম ১২৪ টাকা ৩৫ পয়সায় ঠেকেছে, যা অক্টোবরের শুরুতে ১২৩ টাকা ছিল। বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেল ও ডলারের দর কিছুটা কমায় দেশীয় বাজারের এই অস্থিরতা দ্রুত কাটে উঠবে বলে আশা করছেন ব্যাংক কর্মকর্তারা।





















