সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে বিদায় জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
একই সাথে আঞ্চলিক সংযোগ ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হবে। তবে এই করিডোরে যুক্ত হওয়ার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় ঢাকা। এ ছাড়া, লিউ হাইশিংয়ের এই সফরের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।






















