পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে মাদক সরবরাহ করে বাংলাদেশের যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে তিনি সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের একটি কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ‘ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল—‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মাদকের কোনো কারখানা নেই; এর সবটাই আসে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। যুবসমাজ যেন ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যেই এই সরবরাহ চালানো হচ্ছে। কিছু এলাকায় মাদকের ভয়াবহতা ২৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এখনই এর লাগাম না টানলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই শিক্ষার্থীদের ধ্বংসের পথ এড়িয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
মাদকের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি সচেতনতার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বংশবৃদ্ধি ঘটে, তাই নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। বক্তব্যকালে তিনি বিগত ১৭ বছরের সরকারের সমালোচনা করে হত্যা ও গুমের মতো অপরাধের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।























