আফগানিস্তানে তালেবান সরকারের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেওয়ায় বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েক বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নারী শিক্ষা ও তাঁদের মৌলিক অধিকারের বিষয়টি নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।
গত পাঁচ বছরে তালেবান শাসনের অধীনে প্রায় ২৪ লাখ আফগান মেয়ে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, মাতৃত্ব ও মানবজাতির বিকাশে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সেখানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের অশিক্ষিত রাখার এই প্রচেষ্টা শুধু ইসলাম ও মানবিক মূল্যবোধের পরিপন্থী নয়, বরং পুরো মুসলিম সমাজকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
সমালোচকরা মনে করেন, এ ধরনের সংকীর্ণ ও উগ্রবাদী মনোভাবের প্রচারকরা ইসলামি সমাজকে বিভ্রান্ত করছেন। নারীদের শিক্ষার আলো থেকে দূরে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই এই ধরনের বিভ্রান্তিকর অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন হয়ে সঠিক মানবিক ও ইসলামি চেতনা ধারণ করার আহ্বান জানানো হয়েছে।






















