কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি মোঃ মতিউর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ লাইন্স ড্রিলশেডে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কল্যাণ সভায় আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তিনি ওসি মোঃ মতিউর রহমানের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার গ্রহণের পর আবেগঘন প্রতিক্রিয়ায় ওসি মোঃ মতিউর রহমান বলেন, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আমার জন্য আনন্দের ও গর্বের। তবে আমি মনে করি, এটি শুধু আমার একার অর্জন নয়; এর পেছনে রয়েছে আমার সহকর্মীদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা এবং দায়িত্ববোধ।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধ দমন করা নয়, মানুষের আস্থা অর্জন করাও আমাদের অন্যতম বড় দায়িত্ব। একজন মানুষ যখন কোনো বিপদে পড়ে পুলিশের কাছে আসেন, তখন তার শেষ আশ্রয়ের জায়গা হিসেবে পুলিশকে দেখতে চান। সেই বিশ্বাস যেন কোনোভাবেই নষ্ট না হয়—এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
ওসি মতিউর রহমান আরও বলেন, আমি এই অর্জন আমার সহকর্মীদের উৎসর্গ করছি। দিন-রাত পরিশ্রম করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের অবদান এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছে। তাদের সহযোগিতা ছাড়া এ সম্মান অর্জন করা কোনোভাবেই সম্ভব হতো না।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসিন আরাফাত স্যারের অনুপ্রেরণা, দিকনির্দেশনা এবং আমার সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করেছে। এজন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করে যেতে চাই। এ পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে দক্ষতা, উত্তম কাজ ও পেশাগত অবদানের বিভিন্ন সূচকে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ওসি মোঃ মতিউর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, ওসি মোঃ মতিউর রহমানের জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুলিশ সদস্য, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা তার এই অর্জনকে দায়িত্বশীল ও পেশাদার পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে দেখছেন।






















